Search

Saturday, February 21, 2026

আমার ভাষা, আমার হাসি-কান্না-চিৎকার!

কখনো-কখনো, কেউ-কেউ, কেমন-কেমন করে যেন অযাচিত ভালবাসা পেয়ে যায়! নইলে আমার মত এক-অভাজন ফেব্রুয়ারির এক পড়ন্ত বিকেলে জাতীয় শহীদ মিনারের মত একটা জায়গায় দাঁড়াবার দুঃসাহস করে কেমন করে! 

৩জন শব্দ সৈনিক—জনাব. অনুপ ভট্টাচার্য, জনাব. সুজেয় শ্যাম, জনাব. গোলাম মোস্তাফা।

ছবির এই ৪ জনের মধ্যে এঁরা ৩ জনই অতি বিখ্যাত কেবল এই  অধমই অখ্যাত।

আবার ছবির এই ৪ জনের মধ্যে ৩ জনই অন্য ভুবনে চলে গেছেন। কেবল আমার মত অকাজের মানুষটাই বেঁচে আছে। মেঘে-মেঘে বেলা হয়ে যাচ্ছে—সময় ফুরিয়ে আসছে ক্রমশ। অথচ কিছুই করা হলো না—কেবল একজন 'পাইপমানুষ' (যারা পৃথিবীতে আসে খেতে এবং বর্জ্য ত্যাগ করতে)! 

ওখানে আমাকে কিছু-একটা বলার জন্য বলা হয়েছিল! আমি এলোমেলো মাথা এবং ছাপাছাপি চোখ নিয়ে বুঝে উঠতেই পারছিলাম না কেমন করে বলব, কী বলব?

পূর্বে আমারই এক লেখা থেকে ধার করে খানিকটা ওখানে বলে পার পেয়েছিলাম []:

"ইউনেসকোর তথ্য অনুযায়ী, বিশ্বের ছয় হাজার ভাষার মধ্যে প্রায় আড়াই হাজার ভাষা হারিয়ে যাচ্ছে। 
লাটভিয়ায় ‘লিভোনিয়ান’ ভাষায় কথা বলেন এমন একজনই মাত্র জীবিত আছেন, তিনি মারা গেলে সেই ভাষারও মৃত্যু হবে। এটা ২০০৯ সালের কথা, এরিমধ্যে তিনি মারা গেছেন কিনা আমি জানি না।
আলাস্কার ‘আইয়াক’ ভাষা জানা শেষ ব্যক্তিটি মারা যান ২০০৮ সালে। তাঁর সঙ্গেই মৃত্যু হয় ‘আইয়াক’ ভাষার।
যে আড়াই হাজার ভাষা এই গ্রহ থেকে হারিয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের বাংলা ভাষাও থাকতে পারত কিন্তু আমাদের অপার সৌভাগ্য আমাদের বাংলা ভাষা যে কেবল টিকেই আছে এমন না, আছে সদর্পে, সীমাহীন গৌরবে!
বাংলা নামের আমাদের মায়ের ভাষা—এটা তো আর এমনি-এমনি হয়নি, কেউ আমাদেরকে এটা মুফতে-দানে দেয়নি! এর জন্য আমরা কেবল দিনের-পর-দিন, মাসের-পর-মাস, বছরের-পর-বছর ধরেই লড়াই করিনি; লড়াই করেছি যুগের-পর-যুগ ধরে!
এই দেশের অসংখ্য সেরা সন্তান তাঁদের রক্ত অকাতরে বিলিয়ে গেছেন আমাদের জন্য। আমাদের বেদনার কথা যে অক্ষর দিয়ে লিখি সেই কালির সঙ্গে মিশে আছে তাঁদের রক্ত। জান্তব স্বপ্ন নামের সেই মানুষগুলোর অনেকেই আজ নেই কিন্তু তাদের মায়াভরা সুশীতল ছায়া ছড়িয়ে আছে আমাদের মাথার উপর।
তাঁদের ছায়ার পাশে যখন আমার মত অভাজন দাঁড়াই তখন নিজেকে কী ক্ষুদ্র, লজ্জিতই না মনে হয়। নতচোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে না-থেকে কোন উপায় থাকে না।"

...

গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি, জনাব. শংকর সাঁওজালকে:

...
এই প্রজন্ম যেভাবে বেড়ে উঠছে:


সূত্র:
https://www.ali-mahmed.com/2010/06/blog-post_22.html?m=0

No comments: