আমার মতে, জ্ঞান হচ্ছে একটা সরলরেখা। আপনি শিখতে থাকবেন আর এগুতে থাকবেন—একটা সরলরেখা। থামাথামি নাই—নাথিং গনা স্টপ ইয়্যু!
আর, নির্বুদ্ধিতা হচ্ছে, আমি অনেক বড়—আমি জানি—অনেক জানি। তখন সরলরেখাটা ক্রমশ বৃত্তে রূপ নেয়। বে-সিন, ব্যস! ওই মানুষটা তখন অনবরত বৃত্তে ঘুরপাক খায়। এক বস্তা ডুমকফ—নির্বোধ!
আজকের কাগজ হুমায়ুন আজাদের একটা সাক্ষাৎকার ছাপিয়েছিল। ১৯৯২ সালে।
কাগজ: আপনি একজন পাঠক হিসেবে আপনার সাহিত্য কর্ম সম্পর্কে মূল্যায়ন করুণ।
হু. আজাদ (হুমায়ুন আজাদ):
আমি যদি হুমায়ুন আজাদের লেখার পাঠক হতাম তাহলে তার বই আগ্রহ সহকারে পড়তাম। আর মূল্যায়নের ক্ষেত্রে বলতাম, কবিতার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আরো কবিতা লেখা উচিত ছিলো। সমালোচনার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো বাংলাদেশের সমালোচকদের মধ্যে দু'জনের একজন।
ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে তিনিই সবচেয়ে ভালো। কিশোর সাহিত্যের ক্ষেত্রে বলতাম, তার লেখাই মননশীল হয়েছে। কলামের ক্ষেত্রেও 'ভাবতাম তার কলামই শ্রেষ্ঠ, যেমন ভাবেন অন্য পাঠকরা; নারীবাদী তার ক্ষেত্রে বলতাম, বাংলাদেশে নারীবাদের কোনো জননী নেই, জনক রয়েছে, সে হচ্ছে হুমায়ুন আজাদ।
কাগজ: লেখক হিসেবে মূল্যায়ন করুন?
হু. আজাদ: লেখক হিসেবে এখন কিছু বলতে চাইনা। বলবো আরো পনেরো বছর পর।
(আজকের কাগজ ১২.১১.৯২)
সাপ্তাহিক বিচিন্তার সাথে সাক্ষাৎকারে দেন। ১৯৯২ সালে।
হু আ (হুমায়ুন আজাদ):
মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশংকর বা বিভূতিভূষন- এদেরকে বিশ্বমাপের বা দ্বিতীয়-তৃতীয় মাপের বলেও মনে করি না।
মননশীলতার কথা যদি ধরা হয়, পাশ্চাত্যে বা পশ্চিমে আমার চেয়ে বেশি মননশীল কেউ আছে বলে আমার মনে হয় না। ভাষা বিজ্ঞানের যে চর্চা আমি করেছি সেটা বিশ্বমাপের নয়, কিন্তু বাংলাদেশে যারা ভাষাবিজ্ঞানের চর্চা করছে, তাদের প্রায় সবার চেয়ে গুরুত্বপূর্ন আমার কাজ। সাহিত্য সমালোচনার ক্ষেত্রে আমি দুইজনকে গন্য করি। একজন অত্যন্ত বিতর্কিত ব্যক্তি সৈয়দ আলী আহসান, আব্দুল মান্নান সৈয়দ। তাঁরা বেশ ভালো কাজ করেছেন। এঁদের চেয়ে ভালো কাজ বাংলাদেশেতো বটেই পশ্চিম বাংলায়ও হয়নি।
(বিচিন্তা ১৪/২/৯২)
* 'ডুমকফ' (Dummkopf) শব্দটা বাংলা অভিধানে খুঁজে পাওয়া যাবে না। হুমায়ুন আজাদ স্যার জর্মন দেশে হিজরত করেছিলেন। তিনি জানবেন, ওই দেশে নির্বোধকে 'ডুমকফ' বলে।
** হুমায়ুন আজাদের 'পাক সার জমিন সাদ বাদ' বই থেকে:
পৃ, ৫৬-৬৭ থেকে:
"...আমি দেখি ট্রেইটর (মাদ্রাসা ভিজিটে আসা সরকারি কর্মকর্তা) খুব পাকা হয়ে উঠেছে, বুড়ো হুজুরগুলো ওর পায়ে পড়ছে..."
"...জি হুজুর ব'লে হুজুররা ট্রেইটরের পায়ে চুমো খেয়ে, বারবার পদধুলো নিয়ে, অনেকে আমার পায়েও চুমো খেয়ে, খুশীতে 'আলহামদুলিল্লাহ' বলতে বলতে বেরিয়ে যায়।..."
আমি লেখালেখি করি বলে এটা বিলক্ষণ জানি একজন লেখকের অপরসীম ক্ষমতা—তিনি একটা চরিত্র সৃষ্টি করে লেখকের না-বলা কথা একটা চরিত্র সৃষ্টি করে তার মুখে বসিয়ে দেন। কখনও প্রয়োজন-অপ্রয়োজনে গালাগালিও! কিন্তু, একটা কিন্তু থেকে যায়। লেখককে দাঁড়াতে হয় নিজের কাঠগড়ায়—নিজের চোখে চোখ রাখতে হয়।
আপনি বাংলাদেশের কোথায় শুনেছেন একজন সরকারী কর্মকর্তার পায়ে বুড়া-বুড়া হুজুর নামের মানুষ চুমু খায় এরপর আবার আলহামদুলিল্লাহ বলতে-বলতে বেরিয়েও যায়!
না, একটু ভুল বললাম! আপনি শুনবেন-জানবেন হুমায়ুন আজাদের পাক সাদ জমিন বইটা পড়লে!
এ গ্রহের অনেকে এই বিষয়টা বুঝতে চান না একজন নাস্তিক এবং একজন বিশেষ একটা ধর্মে বিদ্বেষী, এক না! আপনি হিজাব নিয়ে কথা বললে নানের মাথার কাপড় নিয়েও কথা বলবেন।
একজন নাস্তিক হবে এটা তার ব্যক্তিগত পছন্দ—আরজ আলী মাতুব্বর [১] নাস্তিক ছিলেন কিন্তু তাঁর লেখায় আপনি একটা বাক্য পাবেন না যে তিনি ইচ্ছাকৃত ভাবে কোন ধর্মকে আঘাত করেছেন। তিনি প্রশ্ন করেছেন আপনি পারলে উত্তর দেন।
একটা ধর্ম কেবল একটা ধর্ম না—একটা জনগোষ্ঠীর, অসংখ্য মানুষের আবেগের জায়গা; যেমনটা একজন মানুষের তার মাকে নিয়ে অহেতুক আবেগ!
একজন মানুষ পাহাড়ে বেড়াতে গেলেন। ওখানে গিয়ে দেখলেন পাহাড়ের সন্তানেরা একটা পাথরকে অতি পবিত্র মনে করে ঈশ্বরজ্ঞানে ভক্তি করে। আপনি গিয়ে ওটায় লাথি হাঁকালেন। কেন রে, বাবা, এই গ্রহে কী লাথি মারার পাথরের অভাব পড়েছে! এটা করার কারণ হচ্ছে আপনি একটা ইতর—এই দোষে হুমায়ুন আজাদও দুষ্ট!
সূত্র:
১. আরজ আলী...: https://www.ali-mahmed.com/2024/06/blog-post.html?m=1