প্রথম দেখায় যে-কেউ মুগ্ধ হবে! সে দেশি না বি-দে-শি, তাতে কোনও হেরফের হবে না!
আচ্ছা, আপনিই বলুন পৃথিবীর কোন দেশে প্রাণী ওরফে গরু-মহিষ চলাচলের জন্য লিফটের ব্যবস্থা আছে!
(আমি দুঃখিত এবং লজ্জিত, এই ছবিটা খুব সম্ভবত AI দিয়ে করা। আমি এটা পরে বুঝতে পারি। চট করে ছবিটা সরিয়ে ফেলা যায় কিন্তু তাহলে আমি যে কী পরিমাণ বেকুব এটা পাঠকের জানা হবে না। তাই আমার 'বেওকুফির' উদাহরণ হিসাবে থাকুক এটা)
জাতি হিসাবে যে আমরা কোথায় চলে গেছি আমরা নিজেরাই জানি না! আমরা বঙ্গালদেরকে কেউ দাবায়া রাখতে পারবে না!
আমরা যে কেবল গরু-মহিষের জন্য লিফটের ব্যবস্থা করেছি এমনই না, এস্কেলেটরের ব্যবস্থাও করেছি। জানি-জানি, কেউ বিশ্বাস করবেন না! করবেন কীভাবে? দেশের উন্নতির তো কোন খোঁজখবর রাখেন না মিয়া!
কী, এবার বিশ্বাস হলো তো?
আসলে দেশ যে তরতর করে এগিয়ে যাচ্ছে এটা অনেকের সহ্য হচ্ছে না, বুঝলেন। এরা বুঝতেই চাচ্ছে না যে, গরু-সমাজে ছাতার চল নাই। তেমনি আবার কাপড়েরও।
আপনি কখনও দেখেছেন, কোন গরু লুঙ্গি বা জিন্স পরে ঘুরছে। বা কোন মহিষকে দেখেছেন, ইউনূস স্যারের মত ঘাড়কাটা ফতুয়া পরে ঘুরতে? আর গরুর কী আপনার মত লোম আছে? বৃষ্টিতে ভিজে ওদের পেট নেমে গেলে গরুসমাজে গরু মুখ দেখাবে কেমন করে! আহা, কেবল আপনারই সমাজ আছে, গরুর নাই! আর এটাও মাথায় রাখলে ভাল করবেন, এই গরু-ছাগল-মহিষ কিন্তু এখন উত্তরাবাসী। ফেলনা না, অভিজাত!
ভাগ্যিস, গরুর দুঃখ কেবল মন্ত্রী মহোদয় বুঝতে পেরেছেন। আরে বাওয়া, মন্ত্রী বলে কথা—মন্ত্রী হওয়া তো চাট্টিখানি কথা না! নইলে তো আপনিও মন্ত্রী হয়ে বসে থাকতেন। কিন্তু ইজারাদার তো বলছে ভিন্ন কথা:
এদিকে আবার দেশদ্রোহী টাইপের লোকজনেরা এলোমেলো কথাবার্তা বলছে।
আচ্ছা, এগুলো বুঝি কথা! এতে করে নাকি মেট্রোরেলে চলাচলে সমস্যা হচ্ছে। আবার গরু নাকি কপকপ করে সুন্দর-সুন্দর গাছও খেয়ে ফেলছে! কী আজব কথাবার্তা! গরু ঘাস খাবে না তো কী আপনি-আমি খাবো! কে কবে দেখেছে আমাদেরকে ঘাস খেতে!
বরং বি-দে-শি-রা এইসব দেখে চোখের পানিতে অন্তর্বাস ভিজিয়ে ফেলবে আর বিড়বিড় করে বলবে, কী গ-রু, কী মা-য়া গো, ছা-তা বিনে মে-ট্রো-র নীচে কী ছায়া-গো...! আহা, এখন আর মেট্রো না, গরুট্রো...!
আর যারা এইসব বলে-বলে বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য কিন্তু আমরা জানি—এর পেছনে (ওই পেছন না) যে 'ডিপ স্টেট'-এর সুস্পষ্ট কালো আঙুল আমরা এটাও দেখতে পাচ্ছি। আমরা আর আগের মত বেকুব নাই—আমরা এখন বুঝি কেমন করে দেশকে অস্থিতিশীল করা হয়।
কে প্যারিসে সটকে পড়েছে, কে গুটি চালছে আমরা সব জানি...!
... ... ...
ইদের দিনে আমাদের যাওয়ার জায়গার বড় অভাব!
মেট্রোরেলের এখন যে অপরূপ সৌন্দর্য তা উপভোগ করার জন্য টিকেট সিস্টেম করে দিলে সরকারের আয়ের একটা ব্যবস্থাও হবে!

No comments:
Post a Comment