Search

Tuesday, February 24, 2026

আমাগো একজন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু!

আমাদের এখনকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পূর্বের রাষ্ট্রপতি আব্দুল হামিদের মত না; যে আব্দুল হামিদের মত হরেদরে এমনকি বিশ্ববিদ্যালয়েও প্রিয়াংকা চোপড়াকে নিয়ে রসিকতা করবেন। 

তাই দুষ্ট পোলাপানরা যখন এমন কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা শুরু করল:


তখন বিশ্বাস করেন, আমি অন্তত বিশ্বাস করিনি—স্যয়ার অন মাই...। তো, সত্যতা যাচাই করতে মহামান্য স্যারের ভেরিফাইড ফেসবুক পেজে গেলাম কিন্তু আফসোস, প্রোফাইল লকড—তালা বন্ধ কিন্তু চাবি তো আর আমার কাছে নাই:

এদিকে আবার দেখেন 'জোকারের বাপ' বা জুকারবার্গ যাই বলেন সে করেছে আরেক কেরামতি; লকড প্রোফাইলের আবার স্ক্রিনশট নেওয়া যায় না—হাজারবার চেষ্টা করলেও ডার্ক স্ক্রিন আসে। হে-হে-হে, 'জোকারের বাপ' চলে ডালে-ডালে আর আমরা বঙালরা চলি পাতায়-পাতায়!

আমাদের মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু'র বেদনা দেখে বুক ভেঙে আসে—তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ-রজ বা চরণধূলি পান না!            
এ নিয়ে কম জল ঘোলা হয়নি! আমি এর তীব্র নিন্দা জানাই। অনেকে বিষয়টা বুঝতে পারেননি! এ সত্য, তিনি এটা বলেছিলেন রাষ্ট্রপতি থাকাকালীন কিন্তু তখন বর্ষাকাল চলছিল বিধায় চরণধূলি পাওয়া সম্ভব ছিল না—আরে বাপ, বর্ষাকালে সবই তো কাদা—'চরণকাদা'! ওরে, বেকুবের দল, ধূলো কি শিশিতে জমিয়ে রাখা যায় রে, যে চাইলেই আতরের মত খানিকটা নিয়ে গায়ে মেখে নিলুম!

যাই হোক, আজ আমাদের মহামান্য রাষ্ট্রপতি  একটা সাক্ষাৎকার দিয়েছেন কালের কন্ঠকে [*]।


এটা সাক্ষাৎকারের খানিকটা অংশ—এটুকু পড়েই দাঁড়িয়ে যায়, গায়ের লোম! কী সাহস-কী সাহস! অবশ্য এই সাহস নতুন না—আমাদের মহামান্য যে মহা-ঝড় উঠান:


তিনিই পারেন অনায়াসে পাবনা-ঢাকা রেল চালু করতে, আগামী সেপ্টেম্বরে! কোন বছরের কোন সেপ্টেম্বর এটা আলোচ্য বিষয় না, এমনকি রেলের ইঞ্জিনিয়ারদেরও এই তথ্য জানার প্রয়োজন নেই। যারা আবার দুম করে বলে বসবেন, অন্তত বৃষ্টির পানিতে দু-বছর লাগে রেলের মাটি বসতে।

এইসব আসলে গুরুত্বপূর্ণ বিষয় না! মহামান্যের ট্রেন ঝড়ের গতিতে ছুটছে আর আমরা সামান্যরা ট্রেনে বসে আছি। ট্রেন এবং আমরা পাবনা-ঢাকা, ঢাকা-পাবনা যাতায়াতের সময় একসঙে থাকব কিনা সেটাও এখানে আলোচ্য বিষয় না...!

... ... ... 

*সদয় অবগতি:' কালের কন্ঠ' (এটা টাইপ করার সময় আমি খুব সাবধানে থাকি কারণ 'ক'-এর স্থলে 'ব' হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে! একবার এক লেখায় মহাজাতকের জায়গায় মহাঘাতক লিখে গোলমাল হয়ে গিয়েছিল। ভাগ্যিস, তখন সঞ্জীব চৌধুরী সামলে নিয়েছিলেন।

এবার নিজেকে নিজেই ধন্যবাদ দেই কারণ এবার আর গোলমাল হয়নি!)


No comments: