Search

Wednesday, November 25, 2026

ঋণ শোধের চেষ্টা!

আপনি আল্লাহ-সৃষ্টিকর্তা-গড-ঈশ্বর-প্রকৃতি যেভাবেই ব্যাখ্যা করেন—তাঁর ঋণ শোধ করতে পারবেন না!  চাইলেও এটা সম্ভব না! সব বাদ দিলেও গড়ে একজন মানুষ সারা জীবনে প্রায় ১ কোটি ৪৫ লাখ লিটার অক্সিজেন গ্রহণ করে। 

আমরা সারা জীবনে যে গায়ে রোদ মাখি  তা প্রায় ৪০ গিগাজুল! এটা দিয়ে একটা ১০০ ওয়াটের বাল্ব ১২ বছর ধরে জ্বালানো যাবে!

যাই হোক, একজন ভদ্রলোক একটা 'ফুড ব্যাংক' করার আগ্রহ দেখালেন। এই মানুষটা এমন—একজন হতদরিদ্র মানুষকে 'ফারের কোট' খুলে শীতে কাঁপতে-কাঁপতে নিউমোনিয়া বাঁধিয়ে ফেললেন, এই টাইপের! দেখা যাবে ওই কোট চুরি হয়ে গেছে বা প্রাপক পানির দামে বেচে দেবে!

যাই হোক, তিনি দিতে চেয়েছিলেন কামান কিন্তু আমি চাইলাম পিস্তল—কেন, সেটা পরে বলছি। বললাম, আপাতত ১০০০ টাকা দেন। কেবল শর্ত একটাই আমি আমার ভঙ্গিতে কাজ করব।

শুরু হলো এভাবে:

এই ভদ্রমহিলাকে বহু বছর ধরে দেখছি, কেউ নাম জানে না। সবাই 'লিলি' বলে—তাদের কাছ থেকে শুনে, আমিও বলি! মানসিক ভারসাম্যহীন—রেললাইনে সারারাত উচ্চস্বরে গান করেন। লা-লা-রে, লি-লি-লি-রে! এখান থেকেই হয়তো 'লিলি' নামটার উৎপত্তি।

তাঁর কথাবার্তা খুবই শুদ্ধ এবং খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন। অনুমান করি, ভাল কোন পরিবার থেকে এসেছেন। আমাকে দেখলেই নিয়ম করে বলবেন, '২০ টাকা দাও তো'। ওই টাকা বিড়ি কেনার কাজে ব্যয় হয়!

আজ দেখলাম, খুড়িয়ে হাঁটতে। ভাল করে লক্ষ করে দেখলাম, স্যান্ডেল ছিড়ে গেছে। বুড়ো আংগুলে রক্ত! আমি বললাম, দাঁড়ান একটা স্যান্ডেল কিনে দেই। গেল ১০০ টাকা। ১০০০ থেকে বাকী থাকল, ৯০০!


এই মানুষটাকেও আমি বহু বছর ধরে দেখছি। উপরে ওপরওয়ালা ব্যতীত এই মহিলার এই গ্রহে আর কেউ নেই। হাত পেতে চলেন। পূর্বে আমাকে দেখে কখনও-সখনও, প্রায় শোনা যায় না এমন স্বরে বলতেন, 'চাইল নাই' মানে চাউল নাই। আজ পেয়ে গেলাম। ২ কেজি চাল কেনা হলো, ১২০ টাকায়।  হাতে এখনও ৭৮০!


এই কুকুরের বাচ্চাগুলোর জন্য ২ প্যাকেট লেক্সাস মিনি বিস্কিটের প্যস্কেট—৫ টাকা করে ১০ টাকা। ৭৭০!


(এই ছবিটা উঠাতে হয়েছে দূর থেকে। কারণ কাছে গেলে এ ভেগে যাবে। পাজি একটা!) এর সঙ্গে আমার চিনাপরিচয় নাই! বিড়ালের বাচ্চাকে যে দুধ দেব এখানে সে ব্যবস্থাও নাই। এটারও একটা বুদ্ধি বের করা গেল। ১০ টাকায় গুড়ো দুধের মিনি প্যাকেট পাওয়া যায়। অর্ধেক করে দুই বেলা দিব্যি হয়ে যাচ্ছে। ৭৬০! 

এটা পরের দিনের ঘটনা! আরেকটা বেড়ালের বাচ্চা এসেছে। এর সঙ্গেও আমার চিনাপরিচয় নাই! আগেরটা মনে হয় তথ্য পাচার করেছে, এখানে যাও—এখানে এক বেকুব বাস করে!
এখানে আরও ১০ টাকা গেল। থাকল ৭৫০!


এই গল্পটা ভিন্ন! চিনি জমাট বেধে গিয়েছিল। সচরাচর আমরা নোংরায় ফেলে দেই, পানিতে ভেসে যায়! একটা শেডের নীচে রাখার পর নিমিষেই বাজার জমে গেল! এ যেন মচ্ছব!
এখানে খরচ শূন্য!
বিশ্বাস করেন, আমি চোখ বন্ধ করে ভাবছিলাম, গাজার কথা। গাজাবাসীর সামনে যেন বেসুমার খাবার উপচে পড়ছে! আজ যেন ইদ...! 


এটা একেবারেই ভিন্ন। মফস্বলে একটা লাইভ বেকারি। হাজার-হাজার টাকা বিক্রি হয়! কিন্ত...!  আমি আগেও লক্ষ করেছি এরা পিৎসা-প্যাটিস-কেক-বার্গার সবই হাতে করে দেয়। বলেও লাভ হয়নি! একটা  কিচেন টংস (Kitchen Tongs) বা চিমটা কেনা হলো। এদের কিন্তু ৫০টা কেনার সামর্থ্য আছে কিন্তু...! 
দাম ৮০।  হাতে এখনও ৬৭০!

আসা-যাওয়ার পথে দেখি এটা ভেঙে বিপদজনক হয়ে পড়েছে! কাজটা পৌরসভার! কিন্তু আশেপাশে বাড়িঘরের লোকজনেরা এই বিষয়ে উদাসীন।
দু-একজন পড়ে গিয়ে পায়ে ফ্র্যাকচারও হয়েছে। এটা লন্ডন না যে আপনি টর্ট আইনে পৌরসভার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবেন! 

একটা লোক লাগিয়ে ড্রেনটা সাফ করে পাশেই পড়ে থাকা একটা স্ল্যাবের টুকরা বসিয়ে দেওয়া হয়েছে। খরচ ১০০। হাতে এখনও ৫৭০ টাকা! আমি এখনও কিন্তু ৫০০ টাকা খরচ করতে পারিনি!

এই গল্পগুলো বলার কারণ হচ্ছে, আমরা পারফেক্টশনিস্ট না, অতি সাধারণ। পারফেক্ট কাজ করতে গিয়ে দিনশেষে কিছুই হয় না! কিন্তু তাই বলে কী আমরা থেমে থাকব। কাভি নেহি! দানবীর-টানবীর, সাদা মনের মানুষ এইসব গালভরা নাম অহেতুক! ফালতু!

আমরা যে মতের, যে ধর্মের, যে আয়ের মানুষই হই না কেন  আশেপাশে সাধ্যমত এই গ্রহের অন্য সন্তানদের প্রতি মমতা দেখাব এটাই আমাদের ঋণ শোধের ক্ষুদ্র প্রচেষ্টা!

আমি তো মনে করি আমাদের মত সাধারণ মানুষদের ওয়ালেটে অন্তত ৫০০ টাকা আলাদা করে রাখা উচিত। নট আ বিগ ডিল!

আরেকটা কথা, আপনারা যেমন ব্রিজ-কালভার্ট করার জন্য মন্ত্রীকে এই বলে শাবাসি দেন যে 'এটা অমুক মন্ত্রী করেছে', তো 'ওটা অমুক মন্ত্রী করেছে'। মন্ত্রী তার বাপের টাকায় বা তালুক বিক্রির টাকায় করেননি! আপামর জনগণের ট্যাক্সের টাকায় করেছেন! এবং তাঁকে রাখাই হয়েছে এটা করার জন্য।

এখানে যেমনটা আমি এই সমস্ত কাজ নিজের টাকায় করিনি! টাকাটা নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একজনের।

মন্ত্রীদের সঙ্গে আমার তফাতটা হচ্ছে—এরা বেতনভুক্ত আর আমি বিনা বেতনের :), এই-ই... !






1 comment:

www.babu25.blogspot.com said...

অসাধারণ সুন্দর কাজ করেছেন আপনি!!! আপনার জন্য শুভকামনা রইলো ।

WhatsApp