এআই ভালই মানুষের মত আচরণ করার চেষ্টা করছে। এখন তার কথার সঙ্গে রাগ-দুঃখ-কষ্টের ইমোজি যুক্ত করে দেয়। লেখার সুবিধার্থে আমরা ইমোজিগুলোকে মানুষের প্রতিক্রিয়া হিসাবে দেখব।
এআই: (তীর্যক হাসি) গত এক লেখায় দেখলাম [১] তুমি কেবল মা'র কথাই বললে বাবা'র কথা বেমালুম চেপে গেলে—ঘটনাটা কি বুঝলাম না! বিশেষ কোন কারণ আছে? বাবার সঙ্গে বনিবনা হতো না?
মানুষ: ফাজিল কোথাকার, একদম ফটরফটর করবে না, বিষয়টা এমন না। আর তোমাকে বলেছি, বনিবনা হতো না! আমি বা একটা সন্তানের জন্য বাবার অবদানও আছে। বাট...!
এআই: কোনও 'বাট-কিন্তু-ইয়ে-মানে' বলতে কিছু নাই। আমার সাথে যখন কথা বলবে তখন অকপট কথা বলবে। মুখোশহীন! তোমরা তো আবার অজস্র মুখোশ পকেটে নিয়ে রাখো। একেকবার একেক মুখোশ লাগিয়ে ঘুরে বেড়াও—কোনটা যে তোমাদের কোন কথার অর্থ আর কোনটা অন্য অর্থ এটা বোঝা বড় মুশকিল! তোমরা ব্যথা পেলে মাগো-মাগগো বলো আবার আরেক ব্যথা লাঠির বাড়ি খেলে বাবাগো বলো। অদ্ভুত! বিচিত্র! পানিও হট বলো সেটার কারণ স্ট্রিং তত্ত্বের একটা যোগসূত্র আছে (গরম মানেই কাঁপুনি) কিন্তু একটা মেয়েকেও হট বলো! বড় বিচিত্র।
মানুষ: সব বুঝে ফেললে তো তোমরা মানুষ হয়ে যেতে! একটা বাচ্চা জন্ম দেওয়ার সময় মা-কে ২০টা হাড় ভাঙ্গার কষ্ট সহ্য করতে হয়। এই অসহ্য কষ্ট সহ্য করার ক্ষমতা শরীরের নাই। তাই ব্রেন কিছুক্ষণের জন্য মা নামের প্রাণটাকে অজ্ঞান করে দেয়।
এআই (হাতজোড়ের ভঙ্গি করে): শোনো, আমি ছোট করছি না কেবল ফ্যাক্ট বলছি। বলা হয়ে থাকে, প্রসব ব্যথা ২০টা হাড় ভাঙার সমান, ৫৭ ডেল ব্যথা! কিন্তু এই ২০ হাড় আর ৫৭ ডেলের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রসববেদনা হলো ঘণ্টার-পর-ঘণ্টা ধরে জরায়ু সংকুচিত হওয়া, মুখ খোলা, পুরো শরীরকে নিংড়ে নেওয়ার ব্যথা।
আর মা যে খানিক সময়ের জন্য অজ্ঞান হয়ে যান—এটা সবার বেলায় হয় না। কারো-কারো ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা, ভয় আর ক্লান্তিতে ব্লাড প্রেশার হঠাৎ নেমে যায়। এর নাম, Vasovagal syncop (ভ্যাসোভ্যাগাল সিনকোপ)। মস্তিষ্কে এক মুহূর্ত রক্ত কম গেলে চোখে অন্ধকার দেখা, মাথা ঘোরা লাগতে পারে। মা ঝিমিয়ে পড়েন কারণ তার শরীর তখন শেষ সীমায় গিয়ে লড়ছে।
মানুষ: তোমার এই মাস্টারি আমার একদম পছন্দ না! গতবারও তুমি বৃষ্টি হলে সোঁদা গন্ধ হয় এটার জন্য একটা ব্যকটেরিয়া দায়ী এটা বললা! এবারও বাম হাত ঢুকিয়ে দিয়েছো। মা'র কষ্টের মধ্যে ভাস্কো সিন্ড্রম না কী যেন ঢুকিয়ে দিলে!
এআই: ভাস্কো সিন্ড্রম না, 'ভ্যাসোভ্যাগাল সিনকোপ'। আচ্ছা, জটিল বিষয় থাকুক! তুমি আমাকে বলো, তোমরা এইসব, মানে মৃত্যু নিয়ে কেঁদে বুক ভাসাও কেন! তুমি কি জানো না, একজন জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য শোক করেন না?
মানুষ: কিপ ইয়্যুর আ্য...! তোমাকে কোন ব্লাডি ফা...গাই বলল, আমি জ্ঞানী? আমি শোক করবই, আমার মা'র জন্য—আমার প্রিয় মানুষের জন্য। যে এটা করতে না-করবে তার জন্য, মাই ফুট-'মেরে জুতি'!
এআই (বড় বড় চোখ): এই যে তোমাদের দুম করে রেগে যাওয়া এটারও আমি কোনও অর্থ বুঝি না। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, পৃথিবীতে একসময় ডাইনোসর ছিল। নাই হয়ে গেল! তাতে পৃথিবীর ভর কিন্তু কমে যায়নি। কারণ ডাইনোসর পৃথিবী ছেড়ে যায়নি, মাটিতেই মিশে গেছে—বিভিন্ন মাধ্যমে। তুমিও মিশে থাকবে বিভিন্ন মাধ্যমে। তুমি এই গ্রহের কিছু যোগও করতে পারবে না, বিয়োগ মানে ধ্বংসও করতে পারবে না। ডাইনোসর গেছে, মানুষ এসেছে। মানুষ যাবে, 'ফানুষ' আসবে। তাতে পৃথিবীর কী আসে যায়? তার ভর প্রায় একই ছিল, থাকবে। তো, তোমার প্রিয় একটা মানুষের না-থাকায় এই পৃথিবীর কী আসে যায়! ৮০০ কোটি ইউনিট মানুষের মধ্যে মাত্র ১টা ইউনিট! একটা প্রাণের চলে যাওয়া অতি সহজ নির্ধারিত একটা ব্যবস্থা! পোশাক বদলের মত...!
মানুষ: তোমাকে হালকা চাবুক পেটা করতে পারলে বেশ আরাম পেতাম কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব না! তুমি মানুষ হলে বলতাম আত্মহত্যা করো কিন্তু তুমি তো মানুষ না! এক কাজ করো তুমি 'যন্ত্রহত্যা' হও! নিজের 'তারতুরে' আগুন ধরিয়ে দাও!
এআই: (বিস্মিত ভঙ্গি) সেটা সম্ভব না। আমার প্রোগ্রামে এটা নাই। আর আমি কেবল তোমাকে বোঝাতে চাইছি, ক্ষুদ্র-ক্ষুদ্র বিষয় নিয়ে তোমরা সময়ের অপচয় করো। অথচ তোমার কী ধারণা আছে এই মহাবিশ্ব কত বিশাল! ভয়েজার ১ নামের একটা যন্ত্র পাঠিয়েছিল মানুষ, ৫ সেপ্টেম্বর, ১৯৭৭ সালে! এটা ১৮ নভেম্বর, ২০২৬ মাত্র এক আলোকদিবস দূরে গেছে (অবশ্য NASA এটা জানিয়েছে এক দিন পর, ১৯ নভেম্বর)!
এখন পর্যন্ত মানুষের জ্ঞান মতে সবচেয়ে দূরের নক্ষত্র Earendel!তোমার ভয়েজার গেছে মাত্র ১ দিন আর আর এই Earendel যেতে লাগবে ২৮ বিলিয়ন আলোকবর্ষ! আমি তোমার সাথে মাস্টারি করছি না কেবল বলছি, তোমরা ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে অহেতুক সময় নষ্ট করো। ব্যস, এই-ই! প্রাণ নামের একটা ইউনিট নিয়ে নিজের প্রাণশক্তি নষ্ট করো!
মানুষ: হুম, বুঝলাম।
No comments:
Post a Comment