যে ভিডিও ক্লিপ দেখলেন এটা কিন্তু কোন সিনেমার দৃশ্য না—১৭ বছরের এক ধনীর দুলাল, গরীব একজন মানুষের উপর জাস্ট গাড়ি তুলে দিয়েছে! ঘটনা সামান্যই ছিল—বেচারা ড্রাইভার বলির পাঁঠা!
গাড়িটা যে 'ধনীর দুলাল বাবু' চালাচ্ছিল এটা ভিডিও ফুটেজে তার নামার ভঙ্গি দেখলেই হবে। সে নেমেছে চালকের আসন থেকে আর ড্রাইভার নেমেছে প্যাসেঞ্জার সিট থেকে!
এতে গরীব মানুষটার মৃত্যু হয়েছে। হায়াত ছিল না—আল্লার মাল আল্লাহ নিয়া গেছেন! পুলিশ ছেলেটিকে ছেড়েও দিয়েছিল কিন্তু এই ভিডিও ফুটেজ এবং পাবলিক গোলমাল পাকিয়েছে। এরা বলছে, এই ছেলেটাই কালপ্রিট!
আদতে এই ছেলেটি কিন্তু নিষ্পাপ! হত্যাকারী অন্যরা!
গাড়িটা ছেলেটার মায়ের নামে। এই ছেলে আগেও গাড়ি নিয়ে চালাবার চেষ্টা করেছে এবং এটা তার মা জানে না এটা বিশ্বাস করা কঠিন। অন্তত তার মা কি ড্রাইভারকে পইপই করে নিষেধ করেছে যে ভুলেও যেন স্টিয়ারিং এর হাতে না দেওয়া হয়? না-বলে থাকলে তার মা পরোক্ষ হত্যাকারী!
যাই হোক, 'ধনী পুলিশ' (পুলিশ সবসময় ধনীর পক্ষে থাকে তাই পুলিশকে 'গরীব পুলিশ' বলার অবকাশ নাই) জনতার চাপে এই ছেলেকে আদালতে সোপর্দ করে! এরপর শুরু হয় খেলা। এই ছেলের বাবা আবার বিমানের পাইলট!
তিনি বিমান চালানোর পাশাপাশি 'দিমাগ' মানে মাথাও অসাধারণ চালান। নমুনা:
৯ লাখ টাকায় তিনি একটা মৃতদেহ কিনেছেন! ওই মৃতদেহের পরিবারকে এই টাকা দিয়ে আপোষ করেছেন। তিনিও পরোক্ষ হত্যাকারী!
তবে এটা স্বীকার করতেই হবে তিনি জিতেছেন!
গুগল একটা হিসাব দিয়েছে। একটা মানুষের কেবল ব্যবহারযোগ্য মূল অর্গানগুলোর আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা। সব মিলিয়ে ৫০০ কোটি!
ওভাবে বললে আমাদের পাইলট সাহেব বড় শস্তায় কেনাকাটা করেছেন!
আচ্ছা, স্রেফ কৌতুহল! কেউ যদি ওনার সন্তানের মূল্য ১০ গুণ দিতে চায়, ৯০ লাখ? তিনি কি রাজি হবেন? আহা, নইলে আমরা একটু বার্গেনিং করব। আরও ১০ ধরে দেব।
আচ্ছা, স্রেফ কৌতুহল! কেউ যদি ওনার সন্তানের মূল্য ১০ গুণ দিতে চায়, ৯০ লাখ? তিনি কি রাজি হবেন? আহা, নইলে আমরা একটু বার্গেনিং করব। আরও ১০ ধরে দেব।
ভাল কথা, আইনজীবী মহোদয়ের মুখে শুনলাম, 'শান্তা ডেভালাপার'-এর প্রতিনিধিও মধ্যস্থতাকারী হিসাবে উপস্থিত ছিলেন। শান্তা ডেভালাপারের পরিবারের কারও এই প্রকারের 'ব্লাড মানি'-র প্রয়োজন হলে সেটার দর যে শান্তার ভবনের মত উঁচু হবে এতে কারও কোন আপত্তি থাকার কথা না!
আর এই যে মহৎ মানুষটা, আইনের ধারক-বাহক, আইনজীবী—খুবই মাই ডিয়ার টাইপের মানুষ! তিনিই এই দরদামের প্রধান মাধ্যম।
প্রবল আশা, তার নিজ সন্তানের বেলায়ও তিনি এমন একটা দরদাম-কেনাকাটার বিষয়ে আগ্রহের সঙ্গে নেগোসিয়েটর হবেন। তার সন্তান ছেলে হোক বা মেয়ে তাতে তিনি মোটেও পিছপা হবেন না।
আমাদের দেশের আইনও বলিহারি! শিশু আইন ২০১৩, ধারা ৫৩-তে ১৮ বছরের নীচে কাউকে শিশু হিসাবে গণ্য করতে হবে। 'এই ছেলে'-'এই ছেলে' বলতে হবে নাম নেওয়া যাবে না! ছবি ছাপানো যাবে না, 'শিশু উন্নয়ন কেন্দ্রে' রাখতে হবে।
অথচ এখন বাচ্চা-বাচ্চা ছেলে-মেয়েরা ঠান্ডা মাথায় খুন করছে। অপ্রতীমের [১] ঠান্ডা মাথার খুনিদের মধ্যে ১ জন 'তথাকথিত শিশু'!
ওই শিশু সহ, যারা ঠান্ডা মাথায় খুন করেছে তারা খুন করার পর খোঁজার ভান করেছে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসও দিয়েছে, যাকে খুন করেছে তার মাকে সান্ত্বনাও দিয়েছে!
আজকের এই ধনীর দুলাল শিশু থেকে 'অ-শিশু' হবে—উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাবে। রসিয়ে-রসিয়ে একে-ওকে গল্প করবে, 'শ্লা, জানিস, ফকিন্নির পোলার উপর যখন গাড়ি উঠে গেল ফট করে খুলি ভাঙ্গার শব্দ হলো। তুই যদি গলগল করে রক্ত বের হওয়া দেখতি; শালা, খেত কী! এতো রক্ত আসে কোত্থেকে! হোয়াডা সিন, ব্রো! রক্ত-মাংস লেপ্টে টায়ারের বারোটা বাজিয়ে দিয়েছিল...ইয়ো নো, ইটস আ ম্যাটার অব 'নাইন হান্ড্রেড কে', ব্রো'!
বীরত্বের এই গল্প গার্লফ্রেন্ড আবার চোখ বড়-বড় শুনবে। তথাকথিত ওই শিশুটাকে তখন কী ম্যানলি-ই না লাগবে...!
১. একজন অপ্রতিম, একটি আইফোন এবং 'খুনি আমরা'!
: https://www.ali-mahmed.com/2026/09/blog-post_20.html?m=1
: https://www.ali-mahmed.com/2026/09/blog-post_20.html?m=1





No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।