... ,
আপনার সমস্যার কথা 'ইয়ে' আমারে জানাইছে। আসলে এই বিষয়ে কোনও মন্তব্য করাটা আমার জন্য মুশকিল। একটু ঘুরায়া বলি, আপনে বুদ্ধিমান মানুষ, বুইঝা নিবেন।
আমার মা মারা গেছে ৫ বছরের উপরে হইল। আমি এখনও তার জন্য কান্না করি!
ইয়ু নো, শালার পুরুষ মানুষের কান্না করার জায়গার খুব অভাব—সে যেইখানে-সেইখানে পা ছড়ায়া কান্না করতে পারে না। তার জায়গা একটাই, বাথরুমের পানির ট্যাপ ছাইড়া মন খুইলা কান্দাকান্দি করা। ট্যাপের জলের সঙ্গে ভাইসা যায় চোখের জল। আরে, কোন শালা দেখব তখন!
বিজ্ঞানিরা কয়, মস্তিস্ককে নাকি বানান হইছে এমন কইরা সে ক্রমশ বিস্মৃত হয়। হেরা বা… জানে! আমার বেলায় হইছে উল্টাটা। আমার মা মারা যাওয়ার সময় মাইনা নিছিলাম কারণ সে বাঁইচা থাকলে খুব কষ্ট করত। আর তখন আমার টাকা-পয়সারও খুব টানাটানি…। আফসোস, একসময় দু-হাত ভইরা টাকা আসল কিন্তু সে আর নাই!
যে মহিলার স্বামীর ১৯৭০ সালে নিজস্ব মরিস মাইনর গাড়ি ছিল তার চিকিৎসা হয় সরকারী হাসপাতালে! শালার এইটা একটা জীবন হইল! এখনও মানতে পারি না। এই কষ্টটা আজীবন আমারে পাগলা কুত্তার মত তাড়া করব।
এই মহিলা শারীরিক ভাবে মারা গেছে কিন্তু এখনও সে জীবিত। হাসপাতালের বেডে শুইয়া আছে, বাড়ি ফেরার অপেক্ষায়। তারে নিয়া একটা সিরিজ লেখা শুরু করছিলাম, ‘হাসপাতাল পর্ব’। ১৪/১৫টা লেখা মনে হয় লিখছিলাম পরে আর লিখতে পারি নাই [১]। তার মৃত্যুটা আর লিখতে পারি নাই, বুঝলেন! ওখানে-হাসপাতালে সে এখনও বাড়ি ফেরার অপেক্ষায়। গাল ফুলিয়ে ছোট একটা বাচ্চার মত বারবার বলছে, 'তুই আমারে বাড়ি নিয়া যাইবি কবে'? শোনো কথা, ডাক্তার না বললে আমি বাড়ি নিয়া যাই কেমনে!
আচ্ছা, সে থাকুক না ওমনি—বাড়ি ফেরার স্বপ্ন নিয়া, সমস্যা কোথায়…।
আমি-না আমার মার জন্য এখনও হাহাকার করি…। কোন মহাপুরুষ বলে গেছেন, "জ্ঞানীরা মৃতের জন্য শোক করেন না"। হুশ, এমন জ্ঞানী হইতে আমার বয়েই গেছে!
জানেন, আমি কিন্তু আমার মা'র খুব আদরের ছিলাম না। খোকা এটা খাস নে, খেয়েছি। খোকা ওটা করিস না, করেছি।
আহারে-আহারে, আমার মা-টার জন্য কিছুই করতে পারিনি, সিনেমার ডায়লগ মনে হবে কিন্তু তার খানিকটা স্পর্শ, তার গায়ের গন্ধ—কোটি টাকা আমার কাছে তুচ্ছ।
কানে-কানে গোপন একটা কথা বলি, আমাকে খুনি বানাবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমার মাকে নিয়ে কুৎসিত কথা বলা। যে বলবে তাকে স্রেফ খুন করে ফেলব। ক্ষমতায় না-কুলালে নিজে খুন হয়ে যাব। নো মার্সি, নো জেনেভা কনভেনশন- জঙ্গলে কেবল জঙ্গলের আইন।
দেখেন কান্ড, যেটা আমি এক লাইনে বলে আপনাকে বোঝাতে পারতাম সেটা বোঝাতে গিয়ে লাইনের-পর-লাইন লিখলাম। চুতিয়া লেখকদের এটাই সমস্যা…।
১.হাসপাতাল পর্ব: https://www.ali-mahmed.com/search/label/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC?m=0
No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।